রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় সনাতনী সম্প্রদায়ের পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এই ঈদ উপহার দেওয়া হয়।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এসব উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়।তথ্যমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ব্যবসায়ী নেতা আমির হামজা প্রমুখ।
এসময় তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন উপজেলা ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাথের, সৈয়দ বাড়ি জয়খালী মন্দিরের পুরোহিত রূপন চক্রবর্তী। শেষে উপস্থিত মন্দিরের পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই রাঙ্গুনিয়ায় এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারি ত্রাণ বিতরণের পাশাপাশি এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর আংশিক সংসদীয় আসনের প্রায় ৭শতাধিক মসজিদের ১৪ শতাধিক ঈমাম-মোয়াজ্জিনদেরও ঈদ উপহার দেওয়া হয়। সর্বশেষ উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের পুরোহিত ও বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষুদের ঈদ উপহার দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা।








