রাঙ্গুনিয়া প্রতিনিধি: ঘরে বসে স্বাস্থ্যসেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
যেকোন ধরনের স্বাস্থ্য সেবা বা পরামর্শ ঘরে বসে নিতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে দুটি নির্দিষ্ট নাম্বারে ফোন করে সেবা নেওয়া যাবে বলে জানায় পুলিশ।
টেলিমেডিসিনে বিনামূল্যে সেবা দেবেন দুজন চিকিৎসক। তারা হলেন রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতি গ্রামের তালুকদার বাড়ী এলাকার সন্তান ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এর বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কাউছার আলম ও পৌরসভার ইছাখালী এলাকার সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার ডা. মো. শওকত হোসেন।
নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল নাম্বারে ফোন করে যে কোন ধরনের স্বাস্থ্য সেবা বা পরামর্শ ঘরে বসে নিতে পারবেন। এজন্য চিকিৎসক কাউছার আলম এর কাছে সেবা নিতে ০১৮১৫৬৭২২৬৭ নাম্বারে এবং চিকিৎসক মো. শওকত হোসেন এর কাছে সেবা নিতে ০১৮১৮৭৮৬৪৮৯ নাম্বারে ফোন করতে হবে।
এই উদ্যোগের ব্যাপারে পুলিশ জানায়, রাঙ্গুনিয়ার সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারন জনগনের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবা চালু করছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। বর্তমান সময়ে যানবাহন চলাচলে সীমাবদ্ধতা বা দীর্ঘ দূরত্বের কারনে অনেকেই চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না। সাধারণ জনগণের এসব সমস্যা থেকে রেহাই পেতে টেলিমেডিসিন সেবার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া জনিত কারনে বর্তমান সময়ে মানুষের শরীরের তাপমাত্রা পরিবর্তন হয়। এতে করে জ্বর, সর্দ্দি ও কাশি হওয়া স্বাভাবিক। করোনা ভাইরাসের প্রভাবের কারনে অনেকের মনে এই নিয়ে আতংক বিরাজ করছে। সাধারণ জনগনের আতংক দূরীকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।
স্বাস্থ্য সেবা পরামর্শ ব্যতীত বা অহেতুক ফোন করে চিকিৎসকদের বিরক্ত না করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।








