Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় পুলিশ সদস্যসহ আরও ৩ জনের করোনা সনাক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া থানা পুলিশের এক এএসআই সহ আবারও রাঙ্গুনিয়ায় ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে একজন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ৪৮ বছর বয়সী এক কর্মচারীর এবং অন্যজন ৬ দিন আগে মারা যাওয়া ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।

মারা যাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার পারুয়া ইউনিয়নে। করোনা আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়ায় তিনিই প্রথম মারা যাওয়া ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত বলেন, গত ১৫ তারিখ এই ৩ জনের নমুনা পাঠানো হয়। আক্রান্ত পুলিশ কর্মকর্তার কোনো উপসর্গ নেই। অন্য ব্যক্তির গলাব্যথা আছে। দুজনই হোম কোয়ারেন্টিনে আছেন।

অন্যদিকে মারা যাওয়া ব্যক্তির শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ ছিল। এসব উপসর্গ নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যান। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানুষকে ঘরে থাকার জন্য বার বার বলা হলেও তারা ঘরে থাকছেন না। এই কারণেই পুলিশকে ঝুঁকি নিয়ে মাঠে কঠিন অবস্থানে থেকে কাজ করতে হচ্ছে।এতেই আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। রাঙ্গুনিয়া থানা পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাদের সন্দেহ লাগে তারা যেন নমুনা পরীক্ষা দেয়। অনেকেই নমুনা পরীক্ষা করিয়েছেন। তারমধ্যে এখনপর্যন্ত একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

রাঙ্গুনিয়ায় মোট ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্ত্রী–সন্তান, এক পুলিশ কর্মকর্তা ও একজন পুলিশ কনস্টেবল আছেন। তাদের মধ্যে বুধবার উপজেলা প্রশাসনের ২ কর্মকর্তা ও একজন কর্মকর্তার স্ত্রীর তৃতীয় মেয়াদে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তাদের পর পর দুইবার করোনা নেগেটিভ আসায় এই তিনজনকে সুস্থ হিসেবে গণ্য করা হয়।