রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি বসতঘর।
রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট মধূরামপাড়া ও সরফভাটা ইউনিয়নের ছৈয়দুরখীল এজাহার মিয়া ফকিরের বাড়িতে পৃথক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পোমরা ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধূরামপাড়ায় একটি বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুনে বাপ্পী রাজ, ঝন্টু রাজ ও নান্টু রাজের মালিকানাধীন একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সরফভাটার ছৈদুরখীল গ্রামে রাত সাড়ে ১০টার দিকে একটি বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। একটি বসতঘরের সাথে লাগোয়া গোয়ালঘরে গরুর জন্য দেওয়া ধোঁয়া থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুনে ওই এলাকার হালিমা বেগম ও নুর মোহাম্মদের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, অগ্নিকান্ডের খবরে শান্তিরহাটে প্রায় ১ ঘন্টার চেষ্টায় ও সরফভাটায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন তীব্র গরম পড়ছে, তাই অগ্নিকান্ডের ঝুঁকিও বেশি, তাই সকলকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

