রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ২৬০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া সাজাপ্রাপ্ত আসামীসহ পরোনাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আদিলপুর এলাকার মো. সেলিমের ছেলে মো. সোহেল হোসেন (২১), হাটহাজারী উপজেলার কুয়াইশ বড় পুকুর এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. নাজিম (৪৮) এবং চট্টগ্রাম সিএমপি এলাকার মো. বেল্লাল হোসেনের স্ত্রী শেফালী বেগম (৪৫)।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন মামলার পরোনাভুক্ত আসামী উপজেলার ইসলামপুর ইউনিয়নের আবুল হাইয়াত তালুকদারের ছেলে মমতাজুল হক এবং বন মামলার ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকার জরিমানা প্রাপ্ত পলাতক আসামী রাজানগর ইউনিয়নের টুনু মিয়ার ছেলে মো. হারুনকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, “বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিলক ইউনিয়ন থেকে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে গোডাউন ব্রীজের উপর থেকে একটি সিএনজি অটোরিক্সা ভর্তি ২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে ২০ লিটার চোলাই মদসহ ধরা হয় নাজিমকে।
এছাড়া বিশেষ কায়দায় শরীরের বেঁধে চন্দ্রঘোনা রাইখালী থেকে পাইকারী দামে চোলাই মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে ইছাখালী এলাকা থেকে ধরা হয় মাদক ব্যবসায়ী শেফালী বেগমকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।








