নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নারী আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নন্দ রাণী নাথ (৫০) নামে এক নারী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের রাজেন্দ্র লাল মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

জায়গা সংক্রান্ত বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। আহত নন্দ রাণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোছনাবাদ এলাকার সাহা সম্প্রদায় এবং নাথ সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন বসত ঘরের চলাচলের রাস্তার বিষয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে সাহা সম্প্রদায়ের লোকজন অতর্কিত ভাবে নাথ সম্প্রদায়ের বাড়িতে হামলা করে। এসময় তারা ওই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অকত্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে আহত নন্দ রাণী নাথ ঘর থেকে বের হলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। রাঙ্গুনিয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।