রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ফল ব্যবসায়ীর ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের ২৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল (২২) ও মো. সালাউদ্দিন(৩৫)। তাঁদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক এলাকায়। সোমবার (২ আগস্ট) রাতে তাঁদেরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ঘটনার পর কয়েকদিনের অভিযানে তাঁদের গ্রেপ্তার করেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ” গ্রেপ্তার দুই আসামী ছিনতাইয়ের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তদন্তে জড়িত অন্য কারো নাম আসলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।”
ছিনতাইয়ের শিকার ফল ব্যবসায়ী মো. শফিকুর রহমানের বাড়ি রাঙামাটি জেলার রিজার্ভ বাজার এলাকায়।
তিনি বলেন, চট্টগ্রাম শহরে তাঁর পাইকারি ফলের দোকান রয়েছে। তিনি রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করতেন।
ঘটনার দিন বৃহষ্পতিবার (২৯ জুলাই) রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে ফল বিক্রয়ের ৮ লাখ ৭৭ হাজার ৭০০ বকেয়া টাকা সংগ্রহ করে রাত সাড়ে ৮ টার দিকে সিএনজি চালিত অটোরিক্সায় করে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন তিনি।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল করে তিন ব্যক্তি অটোরিক্সার সামনে গিয়ে অটোরিক্সার গতিরোধ করে।
পরে তাঁকে কিল ঘুঁষি মেরে ছুরির ভয় দেখিয়ে টাকার ব্যাগ ও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত বেগে পালিয়ে যায়। এরপর পরই ব্যবসায়ী শফিকুর রহমান অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন।
অভিযোগ পেয়ে আসামী ধরতে তৎপর হয় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় রাতে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।








