রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে অগ্নিকান্ডে সুলতান মাহমুদ (৭০) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বহদ্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার জানান, সোমবার রাত ১২টার দিকে বহদ্দারপাড়া এলাকার ফিরোজ আহমেদ চৌধুরী বাড়ির একটি মাটির তৈরি দুইতলা বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে বসতঘরটির ১২টি কক্ষ পুড়ে যায়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে আহবান করা হলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরের আসবাবপত্র ও মূলবান সামগ্রী পুড়ে গিয়ে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ক্যান্সার আক্রান্ত বসতঘরের মালিক সুলতান মাহমুদও আগুনে দগ্ধ হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুলতান আহমদের ছেলে মো. সারেক বলেন, “আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ আগুন লেগে গেলে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত তখন আমার বাবা ঘর থেকে বের হতে গিয়ে তার হাত, পা এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, “আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”








