রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদী থেকে খননযন্ত্র দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে বালু তোলা বন্ধ করে দিয়ে ঢাকার রামপুরা এলাকার জয়নুল আবেদীন কবির নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল এলাকায় কর্ণফুলি নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান।
অভিযানে সহায়তা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) সুব্রত চৌধুরীসহ একদল পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে বালু তোলার খবর পেয়ে অভিযান চালিয়ে জড়িত এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু তোলা বন্ধে প্রয়োজনে রাতের বেলায়ও অভিযান চলবে। ”
