রাঙ্গুনিয়ায় বিদ্যুৎপৃষ্টে এক কৃষককের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এই ঘটনা ঘটে। তাঁর নাম নূর মোহাম্মদ (৬০)। তার বাড়ি মীরেরখীল গ্রামের চ্যাংখালী মসজিদ টিলা এলাকায়। একই দিন রাত ১০টার দিকে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলী জানান, মীরেরখীল এলাকার চীরিঙ্গা এলাকায় একটি মিলাদ মাহফিলে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তার বসতঘরটি বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় হওয়ায় এবং সম্প্রতি ওই এলাকায় বন্য হাতির উৎপাত বেড়ে যাওয়ায় তিনি যাওয়ার আগে তার বাড়ির বাইরে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে আলোকিত করে রাখার ব্যবস্থা করছিলেন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার এক ফাঁকে অসাবধানতা বশতঃ তার হাতটি লাইটের হোল্ডারের সাথে লেগে যায়। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।








