রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. পারভেজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড মিনাগাজির টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পারভেজ একই এলাকার আবদুল আজিজ পরানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানায়, শিলক মিনাগাজির টিলা হামিদ শরীফ মিয়া বাড়ি এলাকার নিহত পারভেজের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ দেখতে গিয়েছিল সে।
এসময় অসাবধানতাবশত ভবনের একটি বৈদ্যুতিক তার পারভেজের শরীরে লেগে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে যায় সে। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পারভেজের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে পারভেজ সবার বড় সন্তান।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ রবিউল হোসেন জানান, বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এসময় তার শারীরিক পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন।

