রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ৩৩ কেভি ভোল্টের লাইনে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন রাঙ্গুনিয়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মাহবুব হোসেন (৩০)। এতে তার শরীরের ৪০ শতাংশেরও বেশি অংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার বিকালে রাঙ্গুনিয়া থানা সদর এলাকার একটি বহুতল বিল্ডিংয়ের র্যালিংয়ে পড়ে যাওয়া পাপোশ নামাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আহত মাহবুবকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। আহত মাহবুব জেলা পুলিশের বিশেষ শাখা ‘ডিএসবি’তে রাঙ্গুনিয়া থানায় কর্মরত ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি জানান, আহত মাহবুবের হাত, গলা, বুক, দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এরপর চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “রাঙ্গুনিয়া থানা সদর এলাকায় একটি বহুতল ভবনে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এদিন বিকাল সাড়ে ৩টার দিকে ভাড়া বাসার জানালা দিয়ে ব্যবহৃত একটি পাপোশ বিল্ডিয়ের র্যালিংয়ে পড়ে যায়।
তিনি স্টিলের একটি পাইপ দিয়ে এটি নামানোর চেষ্টা করলে এটি দুর্ভাগ্যবশত পাশের ৩৩ কেভি বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায়। এর পরপরই সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মো. রবিউল ইসলাম জানান, আহত পুলিশ কনস্টেবল মাহবুবের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

