রাঙ্গুনিয়া প্রতিনিধি : বিধিনিষেধ অমান্য করায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে ৮টি মামলায় ১৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন।
অভিযানে সহযোগিতা করেন র্যাব-৭ এর একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজার, শিলক, শান্তিরহাট ও গোচারা এলাকায় বিধিনিষেধ কার্যকরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য ৫টি মামলায় মোট ১৩০০ টাকা এবং মাস্ক পরিধান না করার জন্য ৩টি মামলায় ৩০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও দিনভর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। এমনকি সাধারণ মানুষও স্বাস্থ্যবিধি না মেনে ঘুরাফেরা করতে দেখা গেছে। অলিগলিতে দোকানপাট খোলা ছিল। সড়ক কেন্দ্রিক দোকান গুলোতেও দোকানের সাটার অর্ধেক খোলা রেখেছে ব্যবসায়ীরা।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, অভিযানকালে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। তবে সাধারণ মানুষ নিজে থেকে সচেতন না হলে বিধিনিষেধ মানানো সম্ভব নয়।
তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।








