Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় বিধিনিষেধ কার্যকরে অভিযান: ৩০ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ কার্যকরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩০টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী যৌথভাবে এই অভিযান চালান।

অভিযানে সহযোগিতা করেন র্যাব-৭ এর একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার লিচুবাজার, শান্তিরহাট, মোগলেরহাট, দক্ষিণ রাজানগর এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিধিনিষেধ অমান্য করায় ইউএনও ইফতেখার ইউনুস ১৩ মামলায় ৭ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী ১৭ মামলায় ৮ হাজার টাকার অর্থদন্ড দেন। অভিযানকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হয় এবং অমান্যকারীদের সতর্ক করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও দিনভর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। এমনকি সাধারণ মানুষও স্বাস্থ্যবিধি না মেনে ঘুরাফেরা করতে দেখা গেছে। অলিগলিতে দোকানপাট খোলা ছিল। সড়ক কেন্দ্রিক দোকান গুলোতেও দোকানের সাটার অর্ধেক খোলা রেখেছে ব্যবসায়ীরা।

এই বিষয়ে ইউএনও ইফতেখার ইউনুস বলেন, সরকারি বিধিনিষেধ কার্যকরে সাধারণ মানুষের সহযোগিতা খুবই প্রয়োজন। শুধুমাত্র জেল-জরিমানা করে মানুষকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। সাধারণ মানুষ নিজে থেকে সচেতন হতে হবে। না হয় আমাদের আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে।

তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।