নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন স্বজন কুমার তালুকদার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ প্রার্থী স্বজন কুমার তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। ওই দিন এই পদে স্বজন কুমার তালুকদার একক প্রার্থী থাকায় তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্বজন কুমার তালুকদার ছাড়া আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এরপর ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইকালেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর অগে ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খলিলুর রহমান চৌধুরী। গত ২৩ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্যটি হয়েছিল।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ার দিন ধার্য ছিল আগামী ২০ অক্টোবর। শনিবার ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন স্বজন কুমার তালুকদার এই পদে একক প্রার্থী থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।