নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় আশংকাজনক হারে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (১১ জুন) রাঙ্গুনিয়ায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি মরিয়মনগর ও একজনের বাড়ি পোমরা ইউনিয়নে। মরিয়মনগরে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফুলগাজী পাড়া এলাকায়। ৪১ বছর বয়সী এই ব্যক্তি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। গত ২০ দিন ধরে তার গায়ে জ্বর সহ বিভিন্ন লক্ষণ দেখা দিলে সম্প্রতি তিনি নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত অপরজনের বাড়ি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মরমপাড়া এলাকায়। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয় বাজারে তিনি একটি মুদির দোকান চালান। অন্যদিকে পোমরা ইউনিয়নের মহতিপাড়া এলাকায় ৫২ বছর বয়সী এক নারীও করোনা আক্রান্ত হয়েছেন। রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত এই তিনজনের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মাদ সাইফুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার নমুনা সংগ্রহ হয়েছে ১৭ জন পুরুষ ও ৩০ জন নারীর। আগে পাঠানো প্রতিবেদন থেকে ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যারমধ্যে ৩ জনের পজিটিভ ও ১০ জনের নেগেটিভ আসে। রাঙ্গুনিয়ায় এখন পর্যন্ত ৩৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে প্রতিবেদন এসেছে ২৮৮ জনের। যারমধ্যে ৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, ২ জন মারা গেছেন, হোম আইসোলেশনে আছেন ৪৪ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩ জন রোগী। এভাবে রাঙ্গুনিয়ায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা রোগী বাড়লেও সচেতনতা নেই সাধারণ মানুষের মাঝে। দিন দিন মানুষ আরও বেশি ফ্রি স্টাইলে ঘুরাঘুরি করছেন। এতে সামাজিক ভাবে এই রোগের সংক্রমণের ঝুঁকি আরও বেশি বেড়ে যাবে বলে আশংকা সংশ্লিষ্টদের।