নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কের উপজেলার নোয়াগাঁও বটতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. ফয়সাল (১৮)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকার আনোয়ার আহম্মেদ মেম্বারের নাতি ও মো. জাফরের ছেলে।

আহতরা হলেন নিহত ফয়সালের ছোট ভাই মো. কাইছার (১৫) এবং একই এলাকার মো. সেলিমের পুত্র মো. সজিব (১৪)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে ফয়সাল পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহুনী যাচ্ছিলেন। সাথে তার ছোট ভাই কাইছার ও একই এলাকার সজিবও ছিল। যাওয়ার পথে কাপ্তাই সড়কের নোয়াগাঁও বটতল এলাকা এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ৩ আরোহী তরুণ ছিটকে পড়ে যায়। ঘটনায় মোটরসাইকেল চালকের মাথায় গুরুতর জখম হয় এবং অন্য দুইজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ফয়সালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত দুই তরুণ আশংকা মুক্ত বলে জানায় চিকিৎসকরা।

রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক ট্রাকটিকে চালক সহ আটক করা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।