Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শহিদুল্লাহ্।

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ শহিদুল্লাহ্ (২৭)। তিনি ওই এলাকার সৈয়দ বক্সের ছেলে।

অন্যদিকে ঘটনার শিকার ১২ বছর বয়সী শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটির পিতা জানায়, তার সন্তানকে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক আগে আরবি পড়াতেন। মঙ্গলবার দুপুরের দিকে তার শিশু সন্তান মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার স্থানীয় একটি পুকুর পাড়ে তার সহপাঠিদের সাথে খেলা করছিল। এসময় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শহিদুল্লাহ তাকে কাজ আছে বলে পার্শ্ববর্তী একটি ফোরকানিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে যায়। এসময় তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে তার হাতে ১০টাকা দিয়ে এই ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু শিশুটি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে সে ঘরে এসে তার মাকে সব বলে দেয়। পরে খবর পেয়ে তার বাবা এসে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেলে প্রেরণ করেন৷

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির পিতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল জানায়, শিশুটির পিতা বিষয়টি আমাকে জানালে আমি শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এসময় শিশুটি তার সাথে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছিল। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও এই ধরণের অভিযোগ শুনা গেলেও প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার শিশুটির সাথে এমন ঘটনার পর বিষয়টি সামনে চলে এসেছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, ৯৯৯ থেকে একটা ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।