নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মো. রাশেদের (৩০) উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে আদালতে পুলিশ তার রিমান্ড আবেদন করেছেন। আগামী রোববার এর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রমজান আলী (৪২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মৃত নওয়াব মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানা যায়। হামলার সময় তাকে চিনেছে বলে উল্লেখ করেন আহত রাশেদ।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল জানান, গত ২০ জুন রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. রাশেদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ জনকে বিবাদী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। মামলার প্রধান অভিযুক্ত আসামী রমজান আলীকে গত ২ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়। বাকীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা যায়, ঘটনার দিন নিজের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা রাশেদ। ফেরার পথে ৭/৮ জন দুর্বৃত্ত রাশেদকে অতর্কিতভাবে কিরিচ দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সেখান থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়। এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন জানান, আহত রাশেদ একই এলাকার হাজী রশিদ আহমদ বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক। তার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার রমজান আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও একটি হত্যাকান্ডের অভিযোগ রয়েছে।

জানতে চাইলে আহত রাশেদ বলেন, গ্রেফতার রমজান আলীর নেতৃত্বেই আমাকে হামলা করা হয়েছে। আমি ঘটনার সময় তাকেসহ কয়েকজনকে চিনেছি। যাদের চিনেছি, থানায় তাদের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছি।

তাদের দেওয়া কিরিচের কুপ যদি হাত দিয়ে না আটকালে তবে সেদিন ঘটনাস্থলেই তার মৃত্যু হতো বলে তিনি উল্লেখ করেন।

এই ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here