Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় রহম আলী শাহ ফুটবল টুর্নামেন্টে জয়ী সাহেব বাড়ি একাদশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক সাহেব বাড়ি কর্তৃক আয়োজিত রহম আলী শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা স্থানীয় মাঠে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রতিদ্বন্ধিতা করে সাহেব বাড়ি ফুটবল দল ও বন্ধু মহল ফুটবল একাদশ। প্রচুর দর্শকের উপস্থিতিতে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় দুই দল চরম ক্রীড় নৈপূর্ণ দেখালেও গোলশূণ্যভাবে শেষ হয় নির্দিষ্ট সময়।

পরে টাইব্রেকারে গিয়ে সাহেব বাড়ি একাদশ জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় ম্যান অব ম্যান ম্যাচ নির্বাচিত হয়েছেন সাহেব বাড়ি একাদশের ইয়াছিন আরফাত। সেমিফাইনালে তারা মুখোমুখি হবেন এর আগে সেমিফাইনালে উঠা ভাই ব্রাদার্স ফুটবল লিমিটেড’র সাথে।

এদিন খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. সোহেল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, শিক্ষক আবদুল মালেক, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. আইয়ুব, যুবলীগ নেতা মো. রাসেল, ছাত্রলীগ নেতা মো. সোহেল, মো. এমদাদ, মো. শাহেদ, ইকরাম হোসেন ইমন প্রমুখ। এদিন খেলা পরিচালনা করেন মো. হেলাল।

আজকের খেলা : আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জমজম নগর ফুটবল একাদশ প্রতিদ্বন্ধিতা করবে উত্তর ঘাটচেক ফুটবল টিমের সাথে এবং কাল বৃহস্পতিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ই.টি জুনিয়র ফুটবল টিম প্রতিদ্বন্ধিতা করবে আবদুল কাদের জিলানী ফুটবল দল। টুর্নামেন্টে ১৭টি দল অংশগ্রহণ করেছে।