রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতে দোকান খোলা রেখে পণ্য বিক্রি করার দায়ে ৫ দোকানকে ১ হাজার ৫০০ টাকা ও একাধিক যাত্রী নিয়ে সড়কে মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(১৭ এপ্রিল) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম রোয়াজারহাট ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
এরআগে গত সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার পদুয়া, কোদালা ও পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫ চা ও মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলে একাধিক যাত্রী নিয়ে সড়কে বের হওয়ার কারনে দুই মোটরসাইকেলকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম বলেন, সরকারি আদেশ আমান্য করে দোকান খোলা রাখা ও মোটরসাইকেলে একাধিক যাত্রী নিয়ে সড়কে বের হওয়ার কারনে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহনগর, সৌদিয়াগেইট, পোমরা স্বাস্থ্য কমপ্লেক্স, সরফভাটা ক্ষেত্রবাজার, মীরেরখীল, পারুয়া, হোছনাবাদ সহ বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত চা ও মুদির দোকান খোলা রেখে জনসমাগম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা এই অভিযোগ করেন।








