নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় রুবেল খুনের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া রুবেল সিকদার (৩৫) এর হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার শিলক ইউনিয়নের ফুলতল বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শিলক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও রাজাপাড়া ঐক্যফ্রন্ট প্রবাসী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিম উদ্দিন সিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।

সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, নিহতের পিতা মো. আমিন সিকদার, নিহতের স্বজন ওসমান গণি, মো. ইসমাঈল মেম্বার, কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম শাহ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, শিলক ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. পারভেজ তালুকদার, যুবলীগ নেতা জামাল উদ্দিন সিকদার, শাহজাহান সিকদার, রাজাপাড়া ঐক্য ফ্রন্ট প্রবাসী পরিষদ সভাপতি মোরশেদ সিকদার, শিলক রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলী, সামাজিক সংগঠন প্রজন্ম শিলকের প্রতিনিধি রবিউল মোস্তফা, ছাত্রসেনা শিলক ইউনিয়নের সাবেক সভাপতি ফজলুল রিমন প্রমুখ।

মানববন্ধনে প্রজন্ম শিলক, শিলক ঊষার আলো ফাউন্ডেশন, বন্ধু মহল ক্লাব, পশ্চিম শিলক একতা সংঘসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার কয়েক শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে রুবেল সিকদারের খুনিদের চিহ্নিত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানায়।

উল্লেখ্য গত ১৫ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ফুলতল বাজার থেকে রুবেল সিকদারকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। তবে তাকে কারা, কিজন্য হত্যা করেছে সেই বিষয়টি জানা যায়নি। এই ঘটনায় নিহত রুবেল সিকদারের পিতা মো. আমিন সিকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটনে মাঠ পর্যায়ে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।