নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় লকডাউন কার্যকরে সড়কে স্কাউট দল : বেড়েছে লোক সমাগম, যান চলাচল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় এবার লকডাউন কার্যকরে সড়কে কাজ শুরু করছে রোভার স্কাউট দল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগী হিসেবে কাজ করছেন তারা। লকডাউনের চতুর্থ দিন থেকে পঞ্চম দিনেও রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কাপ্তাই সড়কের বিভিন্ন স্পটে দিনভর অবস্থান নিয়ে তল্লাশি চালিয়েছে।

এদিকে লকডাউনের পঞ্চম দিনে সোমবার (৫ জুলাই) রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন চলাচল, অলিগলিতে বেড়েছে লোক সমাগম।

তবে এদিনও মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও র্যাব সদস্যরা। তারা উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে।

তবে এদিন দুপুরের দিকে রোয়াজারহাট বাজারে গিয়ে দেখা যায়, সড়কে চলাচল করেছে গাড়ি, স্বাস্থ্যবিধি লংঘন করে চলাচল করছে মানুষ। একই অবস্থা রাঙ্গুনিয়ার বিভিন্ন অলিগলিসহ মূল সড়কে।

কোনরকম এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, পঞ্চম দিনেও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের সচেতনতার পাশাপাশি আর্থিক জরিমানা ও মামলা করা হয়েছে।

এদিন দুইজনকে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গত চার দিনের মতো কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাবসহ ভ্রাম্যমাণ আদালত। তবে নিজে থেকে সচেতন হয়ে সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে। এদিকে লকডাউন উপেক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে না চলায় রাঙ্গুনিয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ।

সোমবার রাঙ্গুনিয়ার একদিনে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে রাঙ্গুনিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬১৪ জন, সুস্থ ৪৭৪ এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এপর্যন্ত রাঙ্গুনিয়ার ২৭৯৯টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে।