রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় শরণাংকর ভিক্ষু নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে চলছে তীব্র উত্তেজনা। তার ইন্ধনে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কটুক্তি, ধর্মের নামে সরকারি বন দখল ও বনভূমি উজাড়, জোরপূর্বক স্থানীয় নীরহ মানুষের জায়গা-জমি দখল, ঘর-বাড়ি উচ্ছেদ, ফলজ চারা কর্তন, হিন্দু সম্প্রদায়ের শশ্মান দখল, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক উষ্কানি, বিতর্কিত বিবৃতিতে মিথ্যাচার, মাদ্রাসা ছাত্রকে মারধরসহ দেশবিরোধী নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে তার প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
তার এসব বিতর্কিত কর্মকান্ডের কারণে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ থেকে রাঙ্গুনিয়ায় তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এরপরও আগামী ৪ সেপ্টেম্বর এই ভিক্ষু রাঙ্গুনিয়ায় আসার ঘোষণা দিলে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠে রাঙ্গুনিয়া। তার রাঙ্গুনিয়া আসা প্রতিহত করাসহ তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে উপজেলার ফলাহারিয়া এলাকাবাসী, সচেতন মুসলিম সমাজ, ওলামা পরিষদসহ ইসলাম ধর্মের বিভিন্ন স্তরের জনসাধারণের সমন্বয়ে ১১৫ জন সদস্য বিশিষ্ট ‘মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ’ নামে একটি কমিটিও গঠন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) এই সংগঠনের উদ্যোগে তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পদুয়া ইউনিয়নে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সভায় যোগ দিতে এদিন জুম্মার নামাজের পর থেকে পদুয়া ও আশেপাশের ইউনিয়ন থেকে পায়ে হেটে ও বিভিন্ন পরিবহণে ধর্মপ্রাণ জনসাধারণ পদুয়া ফলাহারিয়া গ্রামে সমবেত হন।
এরপর কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিকাল ৩টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলে শরণাংকর ভান্তের প্রতিহতের ঘোষণা সম্বলিত নানা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে হাজারো মানুষ সমবেত কন্ঠে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিলটি ফলাহারিয়া গ্রাম থেকে শুরু হয়ে পদুয়া রাজারহাট বাজারে গিয়ে শেষ হয়। মিছিলের এক পর্যায়ে শরণাংকর থেরর বিষয়ে তদন্তে আসা মানবাধিকার কমিশনের একটি টিমের সদস্যদের কাছে তার নানা অপকর্মের বিবরণ দেন এবং এই বিষয় সম্বলিত লিফলেট হস্তান্তর করা হয়।
পদুয়া রাজারহাট বাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী ওলামা লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হাছান। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, সহ সভাপতি আবদুল হালিম আল কাদেরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আজিম কাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনোয়ার কামাল আলকাদেরী, মাওলানা আবদুল হামিদ নঈমী, মহির উদ্দিন রানা প্রমুখ।
শেষে আগামী ৪ সেপ্টেম্বর সে যাতে রাঙ্গুনিয়া আসতে না পারে সেজন্য নতুন কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।








