Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় শরনাঙ্কর থের’র বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে দুই মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে নানা বিভ্রান্তিমূলক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরনাঙ্কর থের এর বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টিটু বড়ুয়া নামের ক্ষুদ্ধ এক ব্যক্তি রাঙ্গুনিয়া থানায় ১টি মামলা করেন। এর আগে বুধবার ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও সারা দেশের ৩০ হাজার মানুষ শরনাঙ্কর থের’কে খোদা মানেন এমন ভিডিও প্রচারের অভিযোগে মাওলানা হাকিম উদ্দিন নামের এক ব্যক্তি অপর মামলাটি দায়ের করেন। রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম আইসিটি এ্যাক্ট ও দন্ড বিধির বিভিন্ন ধারায় মামলা দুটি রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন। টিটু বড়ুয়ার দায়ের মামলার অভিযোগে জানা যায়, মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী কার্যক্রম তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে বিভিন্ন প্রচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে রাঙ্গুনিয়ার ফলাহারিয়া জ্ঞাণশরণ মহা অরণ্য বৌদ্ধ বিহারের ভিক্ষু শরণাঙ্কর থের। তিনি সর্বশেষ ২৪ মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদসহ গোয়েন্দা সংস্থা, পুলিশের শীর্ষ কর্মকর্তা, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি সম্পর্কে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টির অপচেষ্ঠা চালাচ্ছেন। টিটু বড়ুয়া বলেন, শরনাঙ্কর থের ইতিমধ্যে শতাধিক একর বনের জায়গা দখল করেছেন। তার দখলের উম্মত্ততা থেকে বাদ যায়নি হিন্দুদের একযুগের পুরনো শ্মশান খোলা। শ্মশান থেকে ১২টি শবঘর উপড়ে ফেলে দিয়েছে। তিনি শরণাংকরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।