রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতেও যথাসময়ে রাঙ্গুনিয়ার লক্ষাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন এক পরিস্থিতিতে নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গুনিয়ার ১৫০টি প্রাথমিক এবং ৮৪টি কিন্ডারগার্টেন স্কুলের ৫২ হাজার ২৭৯ জন শিক্ষার্থীর হাতে ২ লাখ ৬৯ হাজার ৭০৬টি বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে ৪২টি উচ্চ বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা এবং ৩০টি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীর হাতে ইতিমধ্যেই ৭০ ভাগ বই তুলে দেওয়া হয়েছে।
১ জানুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে নতুন বই নিতে স্কুলে এসেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে বই।
এ সময় বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শোভা রাণী বড়ুয়া। শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, শিক্ষক পারভীন আক্তার, জয়শ্রী দে, ফারজানা নাছরিন, তাপসী চৌধুরী বড়ুয়া, খাইরুন নাহার লাহেরী, সংগীতা দাশ, অভিভাবক মোহাম্মদ হোসেন প্রমুখ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী জানান, ইতিমধ্যেই ৯০ শতাংশ বই বিতরণ করা হয়েছে। তবে পঞ্চম শ্রেণীর ৩ বিষয়ে এবং চতুর্থ শ্রেণীর ২ বিষয়ে বই না আসায় শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। বই এলে তাও দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার উৎসব ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই দেওয়া হচ্ছে। মাধ্যমিকে বই বিতরণ চলবে ১২ দিন ধরে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে একদিনেই বই দেওয়া হয়েছে। আর যেখানে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেখানে পর্যায়ক্রমে বই দেওয়া হচ্ছে।








