Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় হাটু পানি মাড়িয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে গাউছিয়া কমিটি

রাঙ্গুনিয়ায় হাটু পানি মাড়িয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে গাউছিয়া কমিটি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যেখানে গত দেড় বছরে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫০ এবং মৃত্যুর সংখ্যা ১১, সেখানে গত দুই মাসের ব্যবধানে সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১১৬৫ এবং ২০ জনে।

করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের তাদের দাফন ও সৎকারে গত দেড় বছর ধরে কাজ করে যাচ্ছে গাউছিয়া কমিটি বাংলাদেশের দাফন টিম।

সর্বশেষ সোমবার (২ আগস্ট) হাটু সমান পানি মাড়িয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ দাফন করে নজির স্থাপন করেছে গাউছিয়া কমিটি।

রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউছার নগর এলাকার হাজী আব্দুল হকের লাশ দাফন করতে গিয়ে পার হতে হয়েছে হাটু সমান পানি। এভাবে দুর্গম পথ পেরিয়ে গাউছিয়া কমিটির সদস্যরা লাশটি দাফন করেন। এই কাজে অংশ নিয়েছে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম ইউনিট কমিটির ২০/২৫ জন স্বেচ্ছাসেবক।

গাউছিয়া কমিটি দক্ষিণ রাজানগর ইউনিয়নের সদস্য সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আব্দুল হক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে তার দাফন কাজে এগিয়ে আসেন গাউছয়া কমিটির নেতৃবৃন্দ। স্থানীয় মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে দাফন করতে নিলে দেখা যায়, বিলের মাঝে বৃষ্টির পানিতে কোমর সমান পানি জমে গেছে। পরে কোন উপায় না পেয়ে এই দুর্গম পথ পেরিয়েই লাশটি দাফন করা হয়।

গাউছিয়া কমিটির রাঙ্গুনিয়া দক্ষিণের সভাপতি মাস্টার জমির উদ্দিন জানায়, কবরস্থানে কবর দেওয়া পর্যন্ত বেশির ভাগ সময় মৃত ব্যক্তিদের স্বজনেরাও যেখানে ভয়ে কাছে আসেন না, সেখানে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ নির্ভয়ে লাশের দাফন কাজের মেসেজ পেয়েই এগিয়ে আসেন। সুরক্ষা পোশাক পিপিই, হাতে গ্লাভস, চোখে চশমাসহ পুরো পোশাক পরে লাশের গোসল থেকে শুরু করে দাফনসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন।