নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বিদেশফেরত অনেক প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এসময় উপজেলার ইছাখালী, পারুয়া সহ বিভিন্ন স্থানে গিয়ে তিন প্রবাসী পরিবারকে সতর্ক করা হয়েছে এবং সম্পূর্ণ পরিবারকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ফেরত ৪২ বছরের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ৯ মার্চ ওই ব্যক্তি দেশে ফেরেন।” এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস দিয়ে রাঙ্গুনিয়ায় সকল প্রকার সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান সহ যেকোন সমাগম না করার অনুরোধ জানিয়েছেন ইউএনও মো. মাসুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এই আহবান জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, “বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে পবিত্র পাগলা মামা (রঃ) মাজারের ওরশ শরিফ স্থগিত করা হলো। সেখানে অবস্থানরত বহিরাগতদের ইতোমধ্যে মাজার ত্যাগ করতে বলা হয়েছে। বাজারে জিনিসপত্র প্রয়োজন অনুযায়ী কেনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার অতিরিক্ত ক্রয় বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। গণজমায়েত না হতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি। ঘটনা যাই হোক এ সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ আপনাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকবে। আমরা সংকটকাল অতিক্রম করছি, এ সময় সকলের সুবিবেচনা প্রত্যাশা করি।” এদিকে গনজমায়েত, সভা-সমাবেশ ও লোক সমাগম হয় এমন অনুষ্ঠান না করতে উপজেলা প্রশাসন , পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং চালানো হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী পৌরসভা ও ১৫ ইউনিয়নে এই মাইকিং করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় লিপলেট (প্রচারপত্র) বিলি করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত বলেন, “করোনা মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন পর্যন্ত রাঙ্গুনিয়ায় কোন করোনা রোগী পাওয়া যায়নি। তবে প্রবাস ফেরত ৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।