রাঙ্গুনিয়া প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় কাল ৭ আগস্ট রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে টিকা দেয়া হবে।
রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটিতে ৬’শ জন করে একদিনে ৯ হাজার ৬০০ জনকে কোভিড ১৯ এর টিকা দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ ভট্টাচার্য্য বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে আমাদের একটি করে কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করা হয়েছে। একটি বুথে ২০০ করে মোট ৬০০ জনকে টিকা দেওয়া হবে। যাদের বয়স ২৫ এর উপরে তারাই শুধু টিকা নিতে পারবেন। যারা ইতিমধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু ম্যাসেজ আসেনি তারা টিকা কার্ড নিয়ে এবং বাকীরা আইডি কার্ড নিয়ে গেলেই টিকা দিতে পারবেন। আইডি কার্ড দিয়ে টিকা প্রদানের পূর্বে আমাদের প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে রেজিষ্ট্রেশন করেই টিকা দেবেন।
ইউনিয়ন পর্যায়ে টিকাদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়নসহ যাবতীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

