রাঙ্গুনিয়া প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ সমিতিকে না জানিয়ে এবং মেইন লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ১১ হাজার ভোল্টের তারে আটকে ১৫ মিনিট ধরে ঝুলে ছিলেন আবুল কাসেম (৩২) নামের এক যুবক।
পরে কন্ট্রোল রুমে ফোন দিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
আহত যুবক আবুল কাসেম পল্লী বিদ্যুৎ এর ঠিকাদার প্রতিষ্ঠান জিয়া এন্টারপ্রাইজের ব্যক্তিগতভাবে নিযুক্ত লাইনম্যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, তারা আধুরপাড়া এলাকার বিদ্যুৎ খুঁটিতে পুরাতন তার পরিবর্তনের কাজ করছিল। আবুল কাসেম বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে কাজ করছিলেন। এসময় ১১ হাজার ভোল্টের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করতে মেইন লাইনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনে ঝুলতে থাকেন তিনি। তবে কোমরে বেল্ট থাকার কারণে তিনি পরে যাননি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। ১৫ মিনিট ঝুলে থাকার পর তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্টান জিয়া এন্টারপ্রাইজের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি ।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গুনিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জুয়েল দাশ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানটি মেইন লাইন শাটডাউন বা বন্ধ করার জন্য গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেছিল।
কিন্তু ঠিকাদার এই সময়ের পরেও কাজ করার বিষয়টি অফিসে জানায়নি। এমনকি মেইন লাইন বন্ধের জন্য কোনো ফোনও দেননি। ফলে দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, ঘটনা শুনার পর আহত শ্রমিককে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি ডান হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেলে সে চিকিৎসাধীন রয়েছে।








