রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ২২ দিনের ব্যবধানে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২ মে রাঙ্গুনিয়ায় প্রথম একজন নারীর দেহে করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৩ মে রাতে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। নতুন শনাক্ত ৩ জনের মধ্যে একজন রাঙ্গুনিয়া থানা পুলিশের নায়েক, একজন চন্দ্রঘোনা কদমতলী এলাকার ৩৫ বছর বয়সী ব্যক্তি, তিনি স্বপরিবারে শহরে থাকেন। অন্যএকজন আবদুল খালেক নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি।
চমেক এ নমুনা দেয়ার সময় মোবাইল নং দেয়নি, পূর্ণাঙ্গ ঠিকানা না দিয়ে শুধু রাঙ্গুনিয়া লিখেছে বলে জানায় রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়ায় করোনা আক্তান্ত ৩৩ জনের মধ্যে সরফভাটা এলাকার ২ জন নারী সহ ৬ জন, রাঙ্গুনিয়া থানার ২ জন এএসআই সহ ৪ জন, সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের স্ত্রী-সন্তান সহ ১২ জন, রাঙ্গুনিয়া পৌরসভার ২ ও ৮ নম্বর ওয়ার্ডে ৩ জন, শান্তিরহাট ওয়াসা প্রজেক্টের একজন পুলিশের কনস্টেবল সহ ৪ জন, পারুয়ায় ১ জন মৃত সহ ২ জন, চন্দ্রঘোনা কদমতলী এলাকার ১ জন এবং এখন পর্যন্ত ১ জনের পরিচয় পাওয়া যায়নি। এরমধ্যে অধিকাংশেরই দ্বিতীয় মেয়াদে নেগেটিভ আসে এবং ৩ জনের তৃতীয় মেয়াদে নেগেটিভ এসে সুস্থ হয়েছেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় গত ২ মে উপজেলার সরকারি এক কর্মকর্তার বাসায় কর্মরত ৪৫ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছিল। এরপর ১০ মে ৬ জন সরকারি কর্মকর্তা ও তাদের একজনের স্ত্রী ও অন্যজনের ২ বছরের শিশু এবং অন্য ২ জনের একজন পৌরসভার সৈয়দবাড়ি এবং দক্ষিণ নোয়াগাও এলাকারসহ মোট ১০ জন করোনা শনান্ত হয়। ১২ মে ভূমি অফিসের ২ জন কর্মচারীর শনাক্ত হয়। ১৪ মে সরফভাটার ৪০ বছর বয়সী এক পুরুষের করোনা শনাক্ত হয়। ১৭ মে ৫ জন শনাক্ত হয়। তাদের মধ্যে ৪ জন শান্তিরহাট ওয়াসা প্রজেক্টে কর্মরত এবং অন্য ১ জনের বাড়ি পৌরসভার দক্ষিণ নোয়াগাও এলাকায়। ১৯ মে শনাক্ত হয় ৩ জনের। তাদের মধ্যে ১ জন রাঙ্গুনিয়া থানার এএসআই, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের ১ জন এবং পারুয়া এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ। যিনি করোনা লক্ষণ নিয়ে মারা যাওয়ার পর নমুনা নেওয়া হয়েছিল। ২০ মে ৬ জনের শনাক্ত হয়। তাদেরমধ্যে ৪ জন সরফভাটার, ১ জন পুলিশ কর্মকর্তা ও অন্যজনের বাড়ি পারুয়া এলাকায়। ২২ মে শনাক্ত হওয়া ২ জনের মধ্যে একজন সরফভাটার ২৯ বছর বয়সী চিকিৎসক, যিনি রাঙ্গুনিয়ার বাইরে সরকারি একটি হাসপাতালের মেডিকেল অফিসার এবং অন্যজন রাঙ্গুনিয়া থানার ৪২ বছর বয়সী নায়েক।
সর্বশেষ ২৩ মে রাঙ্গুনিয়ায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানায়, করোনা আক্রান্তের মধ্যে যারা উপজেলায় রয়েছেন তারা নিজ নিজ অবস্থানে লকডাউন অবস্থায় রয়েছেন।
তাদের মধ্যে অধিকাংশেরই দ্বিতীয় মেয়াদে নেগেটিভ এবং কয়েকজনের তৃতীয় মেয়াদেও নেগেটিভ আসে। সচেতনতাই এই মহামারি থেকে বাঁচার একমাত্র উপায়। তাই সকলে ঘরে থেকে এই মহামারি মোকাবেলার আহবান জানান তিনি।








