নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  পঞ্চম ধাপে রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের ৩১টি পৌরসভার সাথে একযোগে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা যায়। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) পর্যন্ত মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে। ৪ ফেব্রুয়ারি যাছাই এবং ১১ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনে মেয়র পদে ইতিমধ্যেই যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম খাঁন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল ছালাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. একতিয়ার হোসেন, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল শুক্কুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মো. সেকান্দর, জেলা যুবদলের সদস্য মো. জসিম উদ্দিন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের প্রক্রিয়ায় সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যেই কেন্দ্রে জমা দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে এসব প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কয়েকদিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অন্যদিকে বিএনপির প্রার্থী নির্ধারণে একাধিক নেতৃবৃন্দের নাম শুনা গেলেও তাদের সাংগঠনিক কোন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। তবে শেষ মুহুর্তে বরাবরের ন্যায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সাথেই ভোটযুদ্ধ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সচেতন মহল মনে করছেন।