রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি’র দলীয় মনোনয়ন বোর্ড রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র পদে হেলাল উদ্দিন শাহ’র নাম চূড়ান্ত করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার। এতে গতবারের মতো এবারও ভোটযুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রার্থী।
মুঠোফোনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হেলাল উদ্দিন শাহ বলেন, “বিগত রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। সেবার বিপুল জনসমর্থন থাকার পরও প্রহসনমূলক নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে এবারও দল আমাকে মনোনয়ন দিয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভায় মানুষ যদি লাইনে দাড়িয়ে ভোট দেওয়ার সুযোগ পায়, তবে ধানের শীষ প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
উল্লেখ্য হেলাল উদ্দিন শাহ ছাড়াও দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল ছালাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. একতিয়ার হোসেন, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল শুক্কুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মো. সেকান্দর এবং সদস্য মো. জসিম উদ্দিন। তবে দলীয় মনোনয়ন না পেলেও সকলেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতে একযোগে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হেলাল উদ্দিন শাহ।
এদিকে বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহ দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।








