সিপ্লাস ডেস্ক: করোনা পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম।
বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রাম শহরের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকায় গরীব, ছিন্নমূল পথশিশু ও অসহায় শতাধিক মানুষের মাঝে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের কর্মসূচী পালন উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল বড়ুয়া, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার। দ্রব্যমূল্যের উর্ধ্বোগতি ও এক লোলুপ শ্রেণির সিন্ডিকেট বানিজ্যের কারণে সামাজিক বৈষম্যের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে আর্থিক অবস্থার কারণে সামাজিক বৈষম্যের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা মানুষকে মৌলিক অধিকার প্রাপ্তিতে বঞ্চিত ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
তাই অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান শ্রেণীর দায়িত্ব। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে দ্রুত বৃদ্ধি না পায় সেজন্য সকলকে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা কঠোরভাবে মেনে চলতে হবে এবং করোনা মহামারীর দুঃসময়ে দরিদ্র জনগোষ্ঠীর সাহাযার্থে এগিয়ে আসতে সামর্থ্যবানদের প্রতি আহবান জানানো হয়।








