রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফুল হক পিএসজির নেতৃত্বে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা হলেন- কুমিল্লার হোমনা থানার কাশিপুর গ্রামের কাবিল হোসেন ছেলে মো. সাদ্দাম (২৮) ও রাজাপুর গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহীন (২৮)। তাদের কাছ থেকে একটি মোবাইলফোন জব্দ করা হয়।
একইদিন সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর চকবাজার থেকে ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইলফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জের পাতারহাট থানার দিশকাকাটা গ্রামের মফিজুর রহমান ফরাজীর ছেলে মো. রিপন ও পটুয়াখালীর গলাচিপা থানার গজালিয়া গ্রামের জাকির হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার।
এছাড়া সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ১০৯ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে সিপিএসসি, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বির নেতৃত্বে ডেমরা থেকে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক কর হয়।
তিনি হলেন- নোয়াখালীর সুধারাম থানার দত্তেরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. জিয়াউর রহমান (২৬)। তার কাছে থেকে নগদ এক হাজার টাকা ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।








