রাজধানীর গুলশান-২ এর ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউজ লিমিটেড-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদের বোতল ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে ওয়্যারহাউজটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে অভিযান শেষে এসব তথ্য জানান র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
এর আগে, রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ লিমিটেডে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৮৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও নগদ ৭ লাখ টাকা জব্দ করে র্যাব। এই অভিযানটি র্যাব এবং ঢাকা কাস্টমস বন্ড যৌথভাবে পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ‘গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে মদের বোতল সরবরাহ করা হতো। এছাড়াও এখানে ফেনসিডিল রাখার কোনও নিয়ম নেই। এরপরও তারা নির্ধারিত মজুদের বেশি মদ ও অবৈধ ফেনসিডিল অন্যত্র সরবরাহের জন্য মজুদ রাখে, যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ।
তিনি আরও বলেন, ‘আমরা এসব অবৈধ মদ ও ফেনসিডিল উদ্ধারসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।








