রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। বুধবার মধ্যরাতে ক্লাবে প্রবেশ করেন র্যাব-১ এর সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গেলো সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়ে শূন্য হাতে ফিরেছে পুলিশ। সেখানে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পায়নি।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন বলেছিলেন, ‘ফু-ওয়াং ক্লাবে পরিচালিত অভিযানে অবৈধ কোনও কিছু পাওয়া যায়নি। এখানে একটি বার রয়েছে, তবে ক্লাব কর্তৃপক্ষ ওই বারের অনুমতিপত্র (লাইসেন্স) দেখাতে পেরেছে।’
পুলিশের অভিযানের পর ক্লাবটির ম্যানেজার মো. শামীম বিল্লাহ দাবি করেছিলেন, ‘আমি গত ৩ বছর এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। এখানে মদের বার রয়েছে। সেটির লাইসেন্সও আমাদের কাছে আছে। এছাড়া এখানে জিমনেশিয়াম রয়েছে। তবে এখানে কোনও ক্যাসিনো বা জুয়া খেলা হয় না।’

