নিউজটি শেয়ার করুন

রাতে চাদর, কম্বল ও বালিশ পাবেন না ট্রেনের যাত্রীরা

সিপ্লাস ডেস্ক: ট্রেনের রাত্রিকালীন উচ্চশ্রেণীর যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহ সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম বুধবার জানান, রেল উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবিরের সই করা  মঙ্গলবারের নির্দেশনার এই বিষয়ক সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার পাশাপাশি কোভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধেরর কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার নির্দেশনা জারি করে রেলপথ মন্ত্রণালয়।

সেই নির্দেশনায় বলা হয়েছিল ৫ সেম্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণীর যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে, যা গত কিছু দিন বন্ধ ছিল।

এছাড়া ওই নির্দেশনায় বলা হয়, যাত্রার ৫ দিন আগে থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর থেকে ১০ দিন আগে থেকে টিকেট বিক্রি করা হবে।

এছাড়া ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, চিপস-বিস্কুটসহ প্যাকেটজাত খাবার সরবরাহ শুরু হবে।

১০ সেপ্টেম্বর থেকে বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদী স্টেশন পুরোপুরি খুলে যাবে, যা করোনাভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ ছিল।

নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

সংক্রমণ এড়াতে অর্ধেক যাত্রী নিয়ে প্রথমে আট জোড়া এবং পরে ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন যাত্রী পরিবহনে নামে।

এর ১৭ দিনের মাথায় যাত্রী সঙ্কটে দুটি রুটের ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছিল।

১৫ অগাস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ অগাস্ট রেলবহরে ১৩ জোড়া ট্রেন যোগ হওয়ায় ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জোড়ায়। এছাড়া আগামী ২৭ অগাস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হলে মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।