সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গলা কাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম (৪০)।
আজ বুধবার (৪ ডিসেম্বর) ৮ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার বালুর রাস্তার পাশে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সে নাটোর জেলার সিড়াইল থানার কুসুমদি আনন্দনগর গ্রামের শুকলাল পরমানিক এর পুত্র। রফিকুল দীর্ঘদিন যাবৎ ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় রফিক সওদাগরের ভাড়া বাসায় বসবাস করতেন।
রফিকুল ইসলামের স্ত্রী উন্মে সালমা বলেন, গত রাত ৯ টার সময় পানির পাম্প কিনে আনার কথা বলে ২০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হলে রাতে আর ঘরে ফিরে আসেনি। সকালে ৭ টার সময় ভাটিয়ারীর বিএমএ এলাকার ব্রীজের পাশে একটি লাশ পড়ে আছে শুনে আমি সেখানে গিয়ে আমার স্বামীর লাশ সনাক্ত করি। কেবা কারা তাকে হত্যা করেছে বলতে পাচ্ছি না।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে একটি গলাকাটা লাশ উদ্ধার করেছি, তার পরিচয়ও পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।








