লোহাগাড়া প্রতিনিধি: রাত পোহালেই মেয়াদ উত্তীর্ণ লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।ইতোমধ্যে আমিরাবাদ, লোহাগাড়া সদর এবং আধুনগর ইউনিয়ন পরিষদের ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার শেষ হয়েছে প্রচার-প্রচারণা।এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শংকিত ভোটাররা।
শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার মতো শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে প্রার্থীদের।নজরদারি রাখতে হবে প্রশাসনের।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন লোহাগাড়া থানা পুলিশ।
থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবেলা করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন।এবং নির্বাচনে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান খান বলেন, এই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে ৩ প্লাটুন বিজিবি এবং ৩ টি পুলিশি টিম নিয়োজিত থাকবেন।এছাড়া ৯ জন ম্যাজিস্ট্রেট থাকবেন।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে তিনি বলেন, উপজেলার প্রত্যেকটি ভোটার নির্ভয়ে কেন্দ্রে ভোট প্রদান করতে আহবান জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৮ হাজার ৯৮৩ জন।ভোটকেন্দ্র ৯ টি।আধুনগর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ১৫ হাজার ৫৫৬ জন।ভোটকেন্দ্র ৯ টি।লোহাগাড়া সদর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৩ হাজার ১৬৯ জন।ভোটকেন্দ্র ১০ টি।
উল্লেখ্য, তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩১ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১১৯ জন।এরমধ্যে চেয়ারম্যান পদে আমিরাবাদে ৬ জন, আধুনগর ৫ জন এবং লোহাগাড়া সদর ইউনিয়নে ৪ জন।

