কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল কাচিখোলা গ্রামে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিঝ বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র জুনাইদুল করিম (৮)। স্থানীয় মোঃ হোছনের ছেলে।
মোঃ হোছন গর্জনিয়ার কাচিখোলা স্থায়ী ভাবে বসবাস করলেও সে বাইশারী ইউনিয়নের ভোটার।
ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল শনিবার দুপুরে বাইশারী ও গর্জনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফারিখাল নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী শিশুটির বড় ভাই মোঃ সাঈদী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে তার ছোট ভাই সহ গ্রামের আরো শিশুদের সাথে বাড়ীর পার্শ্ববর্তী খালে গোসল করতে যায়। গোসল শেষে তার ছোট ভাই জুনাইদুল করিমকে খুজে না পেয়ে বাড়ীতে মা বাবাকে জানালে দ্রুত খালে গিয়ে দেখতে পায় শিশু সন্তানের লাশ পানিতে ভেসে রয়েছে। ঐ সময় এলাকার আরো লোকজন পানিতে নেমে শিশুটি উদ্ধার করে।
খবর পেয়ে পার্শ্ববর্তী বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। অপরদিকে গর্জনিয়া পুলিশ ফাড়ীর এএস আই মন্জুর সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গর্জনিয়া পুলিশ ফাড়ির উপ পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন।








