কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় দুই প্রতিবন্ধীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৫ টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি উত্তর পাড়া এলাকার খালের পাশে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, প্রতিবন্ধীদের মা জুবেদা খাতুন বাপের বাড়ির থেকে উত্তরাধিকার সূত্রে ২০ কড়া জমি পায়। দীর্ঘদিন ধরে তারা ভোগ দখলে থেকে বসবাস করে আসছে। বর্তমানে উক্ত জায়গায় গোয়াল ঘর, খুঁইজ্যা গাছপালাসহ আছে।
প্রতিবন্ধীরা তাদের জায়গার চতুর্পাশে ঘেরা দিতে গেলে পশ্চিম নোনাছড়ি এলাকার মৃত আবু সিদ্দিক এর ছেলে নুরুর নেতৃত্বে মৃত আনছুর আলীর ছেলে আহাম্মদ, মৃত আবদুল হাকিমের ছেলে আবদু রহমান, মৃত সৈয়দের ছেলে আবদু নূরসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে এসে প্রতিবন্ধী পরিবারের লোকজনকে ঘেরা না দেওয়ার জন্য বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।
একপর্যায়ে প্রতিবন্ধী পরিবারের লোকজনের উপর হামলা করে গুরুতর আহত করে। প্রতিবন্ধীদের জায়গা থাকা গোয়াল ঘর, খুঁইজ্যা ভাঙচুর করে গাছপালা কেটে পেলে।
স্থানীয় লোকজন প্রতিবন্ধীদের কে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত দুই প্রতিবন্ধীকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
আহতরা হলেন পশ্চিম নোনাছড়ি এলাকার ইয়াকুব আলীর স্ত্রী জুবেদা খাতুন,ছেলে জাহাঙ্গীর আলম, মেয়ে রুমেনা আক্তার (প্রতিবন্ধী) জোসনা আক্তার (প্রতিবন্ধী)।
আহত জাহাঙ্গীর আলম জানান, আমার মা নানার বাড়ির থেকে উত্তরাধিকার সূত্রে কিছু জমি পায়। দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখলে আছি, বর্তমানে উক্ত জায়গায় আমদের গোয়াল ঘর, খুঁইজ্যা গাছপালাসহ আছে এবং চাষাবাদ ও করতেছি। যখন আমাদের জমির চতুর্পাশে ঘেরা দি নুরুর নেতৃত্বে লোকজন দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদেরকে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমাদের উপর হামলা করে। গোয়াল ঘর, খুঁইজ্যা ভাঙচুর করে গাছপালা কেটে পেলে। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান আহত জাহাঙ্গীর। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান প্রতিবন্ধী পরিবার।








