Site icon CPLUSBD.COM

রামুতে বনবিভাগের অভিযানে বনদস্যুদের দফায় দফায় হামলা, আহত ১২

রামুতে বনবিভাগের অভিযানে বনদস্যুদের দফায় দফায় হামলা

রামু প্রতিনিধি: রামুতে বনদস্যুদের কয়েক দফা হামলায় জোয়ারিয়া নালা রেঞ্জের কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জোয়ারিয়া নালা বনবিটের অধীনে ভিআইপি টিলা এলাকায় মুরগী ফার্মসহ অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়ে ফেরার সময় পথিমধ্যে চার দফা হামলার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রামু ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনবিভাগ সুত্রে জানা গেছে, শনিবার ৪ সেপ্টেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়া নালা রেঞ্জাধীন জোয়ারিয়ানালা বনবিটের বনভুমিতে ভিআইপি টিলা এলাকায় অবৈধ মুরগীর ফার্মসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। বনকর্মীরা উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে অবৈধ দখলদার চক্র বনকর্মীদের উপর হামলা চালায়। প্রথম দফায় ভিআইপি টিলা এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তা সোলতান মাহমুদ টিটু, জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তার সোলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জকর্মকর্তা আবদু জব্বার, এফজি বাসু দেব বনিক, বাগান মালি অসীম সরকার।

কক্সবাজার বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ও শহর রেঞ্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহী জানান, জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তা সোলতান মাহমুদ টিটুর নেতৃত্বে বিভিন্ন রেঞ্জ ও বিটের বনকর্মী এবং বনজাগীরদার অবৈধ উচ্ছেদ অভিযান থেকে ফেরার সময় পথিমধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছে। জোয়ারিয়া নালা বনবিটের অধীনে ভিআইপি টিলা এলাকার আশপাশে বনবিভাগের জমিতে সৃজিত লেবু বাগান, মুরগীর ফার্ম, মাছের প্রজেক্টসহ বিভিন্ন অবৈধ স্থাপনার মালিকরাই সহ ৫০/১০০ জনের বনদস্যু তাদের উপর আক্রমন করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, গুলিও বর্ষণ করে হামলাকারীরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তহিদুল ইসলাম বলেন, বনভুমির অবৈধ দখল উচ্ছেদ করে ফেরার সময় পথিমধ্যে বনকর্মীদের উপর হামলার ঘটনা চরম অমানবিক। পর্যায়ক্রমে বনবিভাগের বেদখল হওয়া এই এলাকার সব বনভুমি উদ্ধারে প্রক্রিয়া চলছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।