হাবিবুর রহমান সোহেল, রামু: সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে। এর মধ্যে ৬ষ্ঠ দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে কক্সবাজারের রামু উপজেলা প্রশাসন। এ সময় যারা গরীব অসহায় বৃদ্ধ রিক্সাচালক তাদেরকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী দিতেও দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাকে।
মঙ্গলবার( ৬জুলাই) লকডাউন কার্যকর করতে রামু উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব, আনসার গ্রাম পুলিশ ও স্কাউট দলের সদস্যরা।
রামু উপজেলা গেইট,বাইপাস,কেন্দ্রী মসজিদের দক্ষিণে, চাকমারকুল, রাবার বাগান, রশিদনগর ও জোয়ারিয়ানালাসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে ।
এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান সপ্তাহব্যাপী লকডাউন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।এ লকডাউন বাস্তবায়নে রামু এগারটি ইউনিয়নে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
পাশাপাশি জরুরী সেবার যানবাহন, এম্বুলেন্স এবং রোগী বহনকারী গাড়ী ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় বিধি নিষেধ অমান্য করায় লকডাউন এর ষষ্ঠ দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড দেওয়া হয়।
এদিকে সপ্তাহব্যাপী লকডাউন সফল করতে বিভিন্ন টহলে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ সরওয়ার উদ্দিন ।








