রাস্তার নির্মাণ কাজের সময় ধুলায় বায়ু দূষণের অপরাধে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক ঠিকাদার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক ‘মেসার্স টি অ্যান্ড ইবি’ নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার সামনে থেকে কালুরঘাট পর্যন্ত সড়কের উন্নয়ন প্রকল্পের কাজে ধুলা উড়িয়ে দূষণ করে আসছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
গত ১২ ডিসেম্বর ওই উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে নোটিস দিয়ে শুনানিতে হাজির হতে বলা হয়।
সংযুক্তা দাশ বলেন, পরিবেশগত ব্যবস্থাপনা ছাড়াই ওই সড়কের উন্নয়ন কার্যক্রম পরিচালনা হচ্ছিল। পরিবেশ দূষণ করায় শুনানি শেষে এক লাখ টাকা জরিমানা করা হয়।”
একইসাথে দ্রুত সময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং ওই সড়কে দিনে কমপক্ষে তিনবার পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়।
সিটি করপোরেশনের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি অ্যান্ড ইবি’র পক্ষে প্রতিনিধি হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজাদ ও তরুণ বড়ুয়া।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে কালুরঘাট পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলছে। নির্ধারিত সময়ে ওই সড়কের নির্মাণ কাজ শেষ হয়নি। সড়কের উন্নয়ন কাজে সৃষ্ট ধুলার কারণে ওই এলাকার পথচারীদে নাকাল হতে হয়।
এছাড়া নগরীর বিভিন্ন সড়কে উন্নয়নের কাজের কারণে ধুলা উড়লেও প্রথমবারের মতো পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জরিমানা করা হল।








