সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আলী সড়কের দক্ষিণে বিলের ধানক্ষেত থেকে পাওয়া রিকশা চালক শাকিলকে (১৭) হত্যার অভিযোগে দুই ঘাতক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেয়ার গোষ্ঠীর বাড়ির মো. তারেকুল ইসলামের পুত্র মো. মোহসিন (১৮) ও নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের পুত্র মো. ইরফান (২১)।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘শাকিল পুরাতন ব্রিজঘাট এলাকায় একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করলেও সে মাঝেমধ্যে রাতে ব্যাটারিচালিত রিকশা চালাতো। শুক্রবার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। এ ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। এ সময় তাদের হেফাজত থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর শাকিল আর বাসায় ফিরেননি। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ডের মো. আলী সড়কের দক্ষিণে বিলের ধানক্ষেত থেকে ওই কিশোর শাকিলের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শাকিলের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

