নিউজটি শেয়ার করুন

রিয়াজ উদ্দিন বাজারের চিংড়িতে বিষাক্ত জেলি!

সিপ্লাস প্রতিবেদক: ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করছে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের মাছ বিক্রেতারা। এ বাজারে অভিযান চালিয়ে জেলি পুশ করার অপরাধে তিন জন মাছ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ৭০ কেজি চিংড়ি জব্দ করেছেন চট্টগ্রাম জেলা প্র্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) সকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, অভিযানে রিয়াজ উদ্দিন বাজারে তিনজন মাছ বিক্রেতাকে চিংড়ি মাছে ওজনে কারসাজির উদ্দেশ্যে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৮) এর ৪(৫) ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত ৫০ কেজি বাগদা চিংড়ি ও ২০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।

অভিযানে ফিশারি ঘাটে মাছে ক্ষতিকর রং না মেশাতে আড়তদারদের সতর্ক এবং রিয়াজ উদ্দিন বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারেও নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জেলা মৎস্য দপ্তরের উপ সহকারী পরিচালক মো. টিপু সুলতান ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।