নিউজটি শেয়ার করুন

রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কাশেম-নুর ফাউন্ডেশনের সহযোগীতা

সিপ্লাস প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে দেশের হাজার হাজার অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কাশেম-নূর ফাউন্ডেশন। বিতরণ করে যাচ্ছে নগদ অর্থসহ ইফতার ও খাদ্যসামগ্রী।

এ মানবিক কর্মকান্ড দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশের মাটিতেও বিস্তৃত। যারা নিজেদের শ্রম-ঘাম ঝরিয়ে দেশে পাঠিয়ে থাকে বৈদেশিক মুদ্রা। যাদের টাকায় সচল দেশের অর্থনীতির বড় একটি অংশ। অষ্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরবসহ বিভিন্ন দেশের কর্মহীন হয়ে পরা সেই রেমিট্যান্স যোদ্ধাদের পাশেও দাঁড়িয়েছে চট্টগ্রামের কাশেম-নুর ফাউন্ডেশন।

কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী তাঁর পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে অনেকের কাছেই এই সংস্থাটির পক্ষ থেকে পাঠিয়েছে আর্থিক সহযোগিতা। আবার দেশে থাকা প্রবাসীদের পরিবারের কাছেও সংস্থাটি পৌঁছে দিয়েছে খাদ্যসামগ্রী।

কাশেম-নুর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পেরিয়ে কুষ্টিয়া, নীলফামারী জেলায়ও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। দেশেও প্রবাসী পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

কাশেম-নুর ফাউন্ডেশন ত্রাণ, আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন পাড়া মহল্লা, রাউজান, বোয়ালখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলার ২৪ হাজার পরিবারের কাছে প্রায় ২৫ দিনের ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরীর উদ্যোগে ও নির্দেশনায় দ্বিতীয় মেয়াদে ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু করা হয় গত ১০ মে থেকে।

গত ১২ মে চান্দগাঁও ওয়ার্ডের ঢালি পাড়া, মাইজপাড়া, খনকার পাড়া, পূর্ব ফরিদের পাড়া, পশ্চিম ফরিদের পাড়া, খাদু মাঝির পাড়াসহ বেশ কিছু এলাকায় ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় সংস্থাটির পক্ষ থেকে। এছাড়া শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের এলাকায় বিতরণের জন্য কাশেম-নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ ও ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়। উপমন্ত্রীর পক্ষে মো. সাজ্জাদ এসব সামগ্রী গ্রহণ করেন।

গত ১৩ মে কাশেম-নুর ফাউন্ডেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। রেজাউল করিমের পক্ষে মো. সালাউদ্দিন এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এছাড়া আগ্রাবাদ মুহুরীপাড়া, চান্দগাঁও শমসের পাড়া, একশো কলোনীসহ বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে কাশেম-নুর ফাউন্ডেশনের মুখপাত্র ও চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন, ত্রাণ সমন্বয়কারী ও কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক ওসমান গনি, আবদুল হামিদ, শামসুল আলম, ইয়াকুব, নাঈম ফরহাদ, জাকিরসহ পাড়া মহল্লার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।