নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট রেললাইন সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিয়েছেন কন্যা শিশু। মায়ের পাশেই পড়ে ছিল রক্তাক্ত নবজাতকটি।

খবর পেয়ে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন সেখানে গিয়ে মা ও নবজাতকটি উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতলে নিয়ে যান। রক্তও দেন আরেক পুলিশ সদস্য।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উদ্ধার করা হয় মা ও নবজাতকটিকে। নবজাতকটি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

এসআই মো. আলাউদ্দিন বলেন, টহলরত থাকা অবস্থায় খবর পেয়ে দেওয়ানহাট রেললাইন সংলগ্ন এলাকা থেকে মা ও নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতলে ভর্তি করা হয়েছে। নবজাতককে রক্ত দেওয়া হয়েছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বাংলানিউজকে বলেন, শিশু কন্যাটি হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির চিকিৎসা ও ওষুধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।








