বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উখিয়া- টেকনাফের মানুষ রোহিঙ্গাদের কারনে আতংকে আছে। তারা নিজ ভূমে পরবাসীর মতো হয়ে যাচ্ছে। এই কষ্ট কক্সবাজারে আছে। আমরা যাদেরকে মানবিক সাহায্য দিয়েছিলাম, আজকে আমরা তাদের কারনে আমরা মানবিক সংকটে পতিত হয়ে যাচ্ছি। আমাদের ইকুনমি, আমাদের জীব বৈচিত্র, আমাদের পর্যটন আজকে হুমকির সম্মুখীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বিশ্বের আজ মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা উচিত। এই আঞ্চলিক যে অস্থিরতা, অশান্তি, যে ঝুঁকি সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের রক্ষা করার জন্য। মিয়ানমার এমন কৌশল অবলম্বন করেছে, তারা আজকে বাংলাদেশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরা কৌসলে পাশ কাটিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে আহবান জানাবো, রোহিঙ্গাদের নিয়ে যে বোঝা সৃষ্টি হয়েছে, তা থেকে আমাদের মুক্ত করুন। আমরা কারও কাছে দয়া চাই না, আমরা যাদেরকে মানবিক সাহায্য করেছি, তারা যেনো আমাদের স্থায়ী বোঝা হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে আমরা আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চাই।
শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও উপ প্রচার সম্পাদক এম এ মনজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতিমা মোস্তাকসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








